কুমিল্লায় ভারত থেকে আসা নারী ও শিশুসহ ৪৮ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সড়কের মোড় এবং ব্রাহ্মণপাড়া থেকে পুলিশ তাদেরকে আটক করে। নগরী থেকে আটককৃত ৩১ জন রোহিঙ্গার মধ্যে ৭ পুরুষ, ৭ মহিলা ও ১৭ জন শিশু রয়েছে।
অপর দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী বাগরা এলাকা থেকে আটককৃত ১৭ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৯ জন শিশু রয়েছে। আটককৃত সবাই মায়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, আটক হওয়া ৪৮ রোহিঙ্গা সদস্য প্রায় ৩ বছর আগে মায়ানমার থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেয়।
বাংলাদেশে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে তাদের আত্মীয়-স্বজন বসবাস করছেন। কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার ওই রোহিঙ্গা সদস্যরা ভারত থেকে সীমান্ত অতিক্রম করে কুমিল্লা নগরীতে ৩১ জন ও ব্রাহ্মণপাড়ার বাগরায় আসে ১৭ জন ।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির জানান, ১৭ রোহিঙ্গা সদস্য কসবা থানার পুটিয়া শ্যামপুর ভারত সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে।
আটককৃতরা হচ্ছে মায়ানমারের আকিয়াব ও বুচিডং জেলার বিভিন্ন উপজেলার নুরুল আমিন (৩৯), শফিকা বেগম (২৬) , নুর কালিমা (০৬) , রোকেয়া বিবি (০৪) , নুর কায়দা (০৩) ,আবদুল্লা (২৭) , হোসনামা বেগম (২৫), আবদুর রহমান (০৬) , আশরফা (০৮) , মোঃআমিন (২৫) , জাহেদা বেগম (২৩) , মোঃ ইয়াছিন (০৪) , মোঃ রফিক (২৮) , আমিনাবেগম (২৪) , নুর কালিমা (০৫) , মোঃ শফিক (০৩) এবং মোঃ রশিদ (০২)।
বিকালে কুমিল্লা পুলিশ সুপার মো: সৈয়দ নুরুল ইসলাম জানান, আটককৃতদের কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কক্সবাজার জেলা প্রশাসকের নিকট পাঠানো হয়েছে। পর সেখান থেকে সবাইকে রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হবে।





