ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
বুধবার শুনানি শেষে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন চৌধুরী এ আদেশ দেন বলে দিয়াজের বোন ও আইনজীবী জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা জামিনের বিরোধিতা করে বলেছি, পুলিশের দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে, আসামি আনোয়ার হোসেন হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
“পাশাপাশি আদালতে আমরা আসামি আনোয়ার হোসেনের সাথে অন্য আসামিদের এসএমএস আদান-প্রদান, টেলিফোন কথোপকথনের রেকর্ড এবং দিয়াজ হত্যার আগে তার বিরুদ্ধে মামলা করার বিষয়ে আনোয়ার হোসেনের কথোপকথনের তথ্য উপস্থাপন করি।”শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে বলে জানান তিনি।
দিয়াজ ইরফান চৌধুরী দিয়াজ ইরফান চৌধুরী উচ্চ আদালত থেকে নেওয়া জামিন শেষ হওয়ার পর গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে আনোয়ার হোসেন জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
সেদিন আনোয়ার হোসেনের জামিন চেয়ে আদালত প্রাঙ্গণে মিছিল করে দিয়াজ হত্যা মামলার আসামিদের কয়েকজন।
এরপর গত ২১ ডিসেম্বর আনোনোয়ার হোসনকে দুই দিনের রিমান্ডে পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে নিজের বাসা থেকে উদ্ধার করা হয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজের ঝুলন্ত লাশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিয়াজ চবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদকও ছিলেন।এ ঘটনায় দিয়াজের মায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি শিক্ষক আনোয়ার হোসেন।
মাসুম/এমআর





