যশোরের চৌগাছায় ৯ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে উপজেলা পরিষদের পার্শ্ববর্তী একটি বাড়িতে তাকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় পুলিশ হাতেনাতে তিনজনকে আটক করেছে। নির্যাতিত ছাত্রীকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিত মেয়েটি জানায়, সে ফুফুর বাড়ি থেকে ফিরছিল। সঙ্গে তার এক আত্মীয় ছিল। আসার পথে তারা চৌগাছার শাহাদৎ পাইলট স্কুলের খেলার মাঠে বসে। এ সময় তিনজন এসে তাদের কাছে মোবাইল চায়। দিতে রাজি না হলে মারপিট করে।

এরপর একজন তার হাত ধরে জোর করে স্কুলের পেছনে মেহগনি বাগানের পাশে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

যশোর সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও তিনজনকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআর