চলমান রাজনৈতিক অচলাবস্থা এবং বিদ্যমান সংকট নিরসনের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে ব্যবসায়ীদের প্রতিকী অনশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ডিউটি অফিসার মানিক মিয়া ককটেল বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছেন।
তবে কয়টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
তিনি আরো বলেন, এ ঘটনায় দুই জন আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য পাশের একটি ফার্মেসিতে নেয়া হয়েছে।
এর আগে সকাল ১১টায় শুরু হয় বিজিএমইএর প্রতিকী অনশন যা সন্ধ্যা পর্যন্ত চলার কথা ছিল ।
অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিজিএমইএর বিপিও সহ-সভাপতি এম এ মান্নান কচি, বিকেএমইএর ভারপ্রাপ্ত সহ-সভাপতি আসলাম আলী, এবং বাংলাদেশ প্লাস্টিক এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিনসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
জেএ





