বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, “বাংলাদেশের অর্থনীতি বেশিরভাগই ব্যাংক ব্যবস্থার ওপর নির্ভরশীল। অর্থনীতি, ব্যবসায়ী সম্প্রদায়, জনগণের অবস্থার উন্নয়নে সরকার সিঙ্গেল ডিজিট সুদে ঋণ সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১ এপ্রিল থেকে ব্যবসায়ীদের সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেওয়া সম্ভব হবে।”
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি শামস মাহমুদের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যদের এক বৈঠকে তিনি এই কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, “বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংযোগ অথবা ব্যাংক ঋণ প্রভৃতি সেবা নির্ধারিত সময়ের মধ্যে না পাওয়ার কারণে কোনও উদ্যোক্তা যদি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হন, সেটি বিশেষ বিবেচনায় নেওয়া যেতে পারে।” তবে সত্যিকারের ঋণ খেলাপি চিহ্নিতকরণে ব্যাংকগুলোর যত্নবান হওয়া আবশ্যক বলে মত দেন তিনি।
ফজলে কবির আরও বলেন, “সরকার ইতোমধ্যে বৃহৎ অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং দেশের ব্যবসায়ী সমাজ এই সুযোগ গ্রহণ করে বিনিয়োগে এগিয়ে আসবে, যার মাধ্যমে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হতে পারবে।”
তিনি বলেন, “সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্ট্যাম্প ডিউটি প্রত্যাহার করেছে, যা বাংলাদেশের বন্ড মার্কেট সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে। দেশে একটি সেকেন্ডারি বন্ড মার্কেট চালু একান্ত জরুরি।”
ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রিফর্ম অ্যাডভাইজার এসকেসুর চৌধুরীসহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এমবি





