খালেদা জিয়ার ওপর নগ্ন হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী সাস্কৃংতিক জোট আয়োজিত মানববন্ধনেও হামলা চালিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এ হামলার ঘটনা ঘটে। এসময় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতাকর্মীরা তাদের মানববন্ধনের ব্যানার ছিড়ে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালে প্রায় ৩০/৩৫ জন নেতাকর্মী নিয়ে হামলার নেতৃত্ব দেন প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জলিল সাথী এবং সাধারণ সম্পাদক স্বপন।

এর আগে ‘খালেদা জিয়ার ওপর নগ্ন হামলাসহ বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে’ এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদি সাংস্কৃতিক জোট।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদের বক্তব্য চলাকালে জয় বাংলা স্লোগান দিয়ে সেদিকে এগুতে থাকে প্রজন্ম লীগ।

এসময় নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের উপস্থিতিতে ব্যানার ছিনিয়ে নেয়ার পাশাপাশি মাইকও কেড়ে নেয় হামলাকারীরা। পুলিশ তখন অনেকটা নির্বিকার হয়ে পাশেই দাঁড়িয়ে ছিল।

তখন শওকত মাহমুদ বক্তব্য প্রদান বন্ধ করে নেতাকর্মীদের প্রহরায় দ্রুত স্থান ত্যাগ করে প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়েন। তবে ঢাকা সাংবাদিক ইউনেয়নের সভাপতি কবি আব্দুল হাই সিকদারসহ জাতীয়তাবাদি সাংস্কৃতিক জোটের অন্যান্য নেতাকর্মীরা প্রজন্ম লীগের ধাওয়ার মুখে ঠেলা-গুতা খেতে খেতে প্রেসক্লাবের দিকে ছুটে যায়। তবে কেউ হতাহত হয়নি।

এ অবস্থায় মানববন্ধনে অংশ নেয়া নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করে প্রেসক্লাবের মধ্যে ঢুকে পড়লে প্রেসক্লাবের গেট বন্ধ করে দেয়া হয়। ফলে হামলাকারীরা প্রেসক্লাবে ঢুকতে না পারলেও বাইরে থেকে প্রেসক্লাবের ভেতরে ঢিল ছুড়তে শুরু করে। প্রেসক্লাবে সামনে কিছুক্ষণ অবস্থান করে তারা বঙ্গবন্ধু এভিনিউয়ের দিকে মিছিল নিয়ে চলে যায়।

এমএ/ এআর