‘মাসুদ রানা’ ও ‘কুয়াশা’ সিরিজের কিছু বইয়ের বিষয়ে কপিরাইট অফিসের দেয়া আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
সেবা প্রকাশনীর ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি ও ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে মালিকানা স্বত্ব শেখ আবদুল হাকিমকে দিয়েছিল কপিরাইট অফিস।
কপিরাইট অফিসের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে লেখক কাজী আনোয়ার হোসেনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এএম আমিন উদ্দিন ও এবিএম হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম।
‘এখতিয়ার বর্হিভূত হওয়ায়’ কপিরাইট অফিসের ওই সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে। সংস্কৃতি সচিব, কপিরাইট অফিস, রেজিস্ট্রার অফ কপিরাইটস এবং কপিরাইট বোর্ডকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে বইগুলো প্রকাশ ও বাণিজ্যিক কার্যক্রম গ্রহণ থেকে বিরত থাকতে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।
এমআর





