যশোরে বোমা হামলায় ১জন নিহত ও ১জন আহত হয়েছেন। এঘটনায় দুস্কৃতিকারীদের একজন আটক হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

নিহত ইমরান কবির উজ্জ্বল (৩৫) খোলাডাঙ্গা এলাকার শফিউল মুস্তফার ছেলে ও আহত ওমর আলী (২৫) ওই একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরতলী খোলাডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ওমর আলী জানান, সোমবার সন্ধ্যায় খোলাডাঙ্গা মোড়ের একটি চায়ের দোকানে ওমর আলী ও উজ্জ্বল বসেছিলেন। এ সময় একই এলাকার গোলাম, সাহেব, সরোয়ারসহ ৪/৫ জন অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।

সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে ৭/৮ টি বোমা নিক্ষেপ করে। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। আহত ওমর চিকিৎসাধীন রয়েছেন।

নিহত উজ্জ্বলের স্ত্রী লিজা খাতুন জানান, উজ্জ্বল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে খোলাডাঙ্গা মোড়ে যান। সেখানে বোমা হামলায় আহত হন। এ সংবাদ শুনে হাসপাতালে গিয়ে দেখেন তার স্বামীর মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআই/