রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বাস উল্টে খাদে পড়ায় তারা আহত হন।

রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- সাধন (১৫), জামশেদ মোল্লা (৩৫) তার স্ত্রী লাকি বেগম (৩০), ইব্রাহিম (১৮), ইন্দ্রজিত (৪২), গোলাম নবী (২১), সঞ্জয় বিশ্বাস, ফাতেমা (৩২) তার ছেলে আবুবক্কর, সেতু (২২) অহিদুল ইসলাম (২৫) প্রমুখ।

এর মধ্যে ৩ জনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে।

তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ, ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিহনের একটি বাস দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় পৌঁছায়। এসময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয় এলাকাবাসী আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওই বাসের যাত্রী বাগেরহাট জেলার কালিয়া গ্রামের মো. জামশেদ মোল্লা বলেন, ‘চলন্ত অবস্থায় বাসটির চালক খুব ক্লান্ত হয়ে কয়েকবার ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি রাস্তার পাশে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।’

দুর্ঘটনার পর রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের দেখতে গোয়ালন্দ হাসপাতালে যান।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ