কক্সবাজারে যুবলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
চকরিয়াউপজেলার খুটাখালী বাজারে মঙ্গলবার দুপুর ২টার দিকে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় ওই যুবলীগ নেতা গুরুতর আহত হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
নিহত যুবলীগ নেতা মিজানুর রহমান (৩০) উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ ফুলছড়ি বাঁশকাটা গ্রামের মোহাম্মদ কালুর ছেলে এবং খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে খুটাখালী বাজারের একটি স্বর্ণের দোকানে স্বর্ণালঙ্কার বন্ধক রেখে ৫০ হাজার টাকা ঋণ নেন মিজানুর রহমান। এ সময় মিজানুর রহমান বাজারের বদিউল আলম বকুলের দোকানের সামনে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রায় ২০ সদস্যের একদল সশস্ত্র দুর্বৃত্ত যুবলীগ নেতা মিজানের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা মিজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিজানের ওপর হামলার ঘটনায় জড়িত বাহাদুর আলম রানা (২৫) নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।
ঢাকা, ০২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





