রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জের নুর সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ, হতাহতের সংখ্যা, ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয়রা বলেন, সদরঘাটের বিপরীত দিকে কালিগঞ্জে বুড়িগঙ্গা নদীর পাশেই নুর সুপার মার্কেটটির অবস্থান। টিনশেড এ মার্কেটে ছয় শতাধিক দোকান রয়েছে। অধিকাংশ দোকানেই তৈরি পোশাক বিক্রি করা হয়। রাত ১১টায় যখন মার্কেটটিতে আগুন লাগে, তখন সব দোকানই বন্ধ ছিল।
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সবগুলো দোকানে কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, রোববার রাত ১১টার দিকে কেরানীগঞ্জের নুর সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর শোনা মাত্রই সেখানে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে পাঠানো হয়। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে ওই মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রাত ১২টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের ব্যাপারে তিনি জানাতে পারেননি। তিনি বলেন, পরবর্তীতে পুলিশ প্রতিবেদন পেলে এ ব্যাপারে তথ্য দেয়া যাবে।
এবিএস





