গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আওয়ামী যুবলীগের দুই নেতার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত লাল মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাল মিয়ার মৃত্যু হয়।
লাল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গন্ধববাড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, দরবস্ত ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাজু মিয়ার সাথে গন্ধববাড়ি গ্রামের শাহিন মিয়ার দলীয় বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কোন্দল ও মতবিরোধ চলছিল।
সম্প্রতি শাহীন মিয়া দরবস্ত ইউনিয়ন যুবলীগে যোগদান করেন। এ কারণে সাজুর সঙ্গে শাহীনের বিরোধ আরও তুঙ্গে উঠে। এছাড়া সাজু ও শাহীন একই গ্রামের হওয়ায় উভয়ের মধ্যে আধিপত্য বিস্তার ও দলাদলির সৃষ্টি হয়।
এর জের ধরে ঈদের দিন বিকেলে গন্ধববাড়ি এলাকায় সাজু ও শাহীনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের লোকজন লাঠি, সোডা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে সাজু মিয়া ও শাহীন মিয়াসহ তার পক্ষের লাল মিয়া, ফিরোজ মিয়া গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় লাল মিয়ার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআই





