কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হাতে আব্দুল কুদ্দুস (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাগান থেকে আব্দুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী জোসনা খাতুন জানান, বুধবার রাত ২টার দিকে পুলিশ পরিচয় দিয়ে পাশের পোয়ালবাড়ি গ্রামের প্রতিপক্ষ রুহুল, কোরবান, ফেরদৌস ও বুদসহ ৬-৭ জন বাড়িতে প্রবেশ করে তার স্বামী আব্দুল কুদ্দুসকে ধরে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি না ফিরলে সকালে জিয়ার বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের পরিবারের দাবি জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আব্দুল কুদ্দসকে বাড়ি থেকে ধরে শ্বাসরোধ করে হত্যা শেষে লাশ ঘটনাস্থলে ফেলে রাখে। এ ঘটনায় নিহতের ভাই নবীর উদ্দিন বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যার অভিযোগ দিয়েছেন।

এমই