শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘বাংলাদেশে গণমাধ্যমের কারণে দুর্নীতি ও অনাচার অনেক কম হয়। গণমাধ্যম না থাকলে দুর্নীতি ও অনাচার অনেক বেড়ে যেত। আপনারা (সংবাদিক) আছেন বলেই আমরা ভালো আছি। দেশ ভালো আছে।’
বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সদস্যদের বরণ সভায় প্রধান অতিরথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চুন্নু বলেন, গণমাধ্যম কর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্নীতির রিপোর্ট তুলে আনে। তা সংবাদপত্রে প্রকাশ করার কারণে এখন মানুষ অনিয়ম করতে ভয় পায়। যার কারণে দেশে দুর্নীতি অনেক কম হয়।
মন্ত্রী বলেন, মামলার দীর্ঘসূত্রিতার কারণে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায় না। শ্রমিকের বেতন-ভাতা বাড়ালে বেড়ে যায় বাড়ি ভাড়া। এ কারণে শ্রমিকরা বাড়তি বেতনের কোন সুবিধা পান না। তাই সরকারের উচিৎ এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণ করে দেওয়া।
মন্ত্রী আরও বলেন, বিদেশী ক্রেতারা আমাদের গামের্ন্টস শিল্প থেকে কম মুল্যে পণ্য নিয়ে বেশি লাভ করেছে। কিন্তু যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন তারা কোনো দায়িত্ব নেয় না। উল্টো অপবাদ দেন। ক্রেতাজোট বিভিন্ন অভিযোগ তুলে আমাদের পণ্যের দাম কমিয়ে দিচ্ছে।
ডিআরইউর সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল উদ্দিউনসহ ডিআরইউর সাবেক ও বর্তমান কমিটির নেতা এবং সদস্যরা।
এমএনজে





