গুজব ছড়িয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী। তাই অপপ্রচারে কান না দিয়ে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতি ছিল দরিদ্র, ক্ষুধার্থ, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। এই বঞ্চনার হাত থেকে এ দেশের মানুষকে মুক্তি দেয়ার জন্যই জাতির পিতার সংগ্রাম।

এ দেশের ৮২ ভাগেরই বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বাস করতো। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য জাতির পিতা নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।

সেই স্কুল জীবন থেকেই তিনি এ দেশের মানুষের জন্য সংগ্রাম শুরু করেন এবং বার বার কারাবরণ করেন। যখনই তিনি বঞ্চিত মানুষের কথা তুলে ধরেছেন, তখনই তাকে কারাবরণ করতে হয়েছে।

কারাগারে বসে তিনি যে ডায়রি লিখেছিলেন, অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা এটা যদি আপনারা পড়েন, তবে দেখবেন যে, তিনি কীভাবে সংগ্রাম করেছেন। সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি।

এর আগে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।

আজ এ অনুষ্ঠানে ৯ জন সেনা, ২ জন নৌ এবং ৩ জন বিমান বাহিনী সদস্যকে ২০১৮-২০১৯ সালের শান্তিকালীন পদকে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সামরিক সচিব, প্রেস সচিব ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এএস