নোয়াখালীর চাটখিল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যায় চাটখিল পৌর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে চাটখিল, রামগঞ্জ, সোনাইমুড়ী ও পরে চৌমুহনী থেকে ফায়ার

সার্ভিসের ৪টি ইউনিট যোগ দিয়ে ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাটখিল পৌর বাজারে ফারুক হার্ডওয়্যার দোকান থেকে আগুন লাগে। ফারুক হার্ডওয়ারে প্রচুর পরিমানে রঙ ও নানা দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ফায়ার সার্ভিস ইউনিটের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।

বৈদুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।