রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকার পুলপাড় বস্তিতে লাগা আগুনে ২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৮টা ২৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের ফাতেমা নামের তিন বছর বয়সী এক শিশু মারা যায়। দুপুর সাড়ে ১২টায় দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বেলা একটার দিকে আরো এক শিশুর লাশ উদ্ধার করা হয়। কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, সকাল ৭টার সময় আসমা বেগম তার বড় মেয়ে জয়নবকে নিকটস্থ জাফরাবাদ আদর্শবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিতে যান। যাওয়ার আগে তালাবদ্ধ ঘরে ছোট শিশু ফাতেমাকে কম্বলের নিচে ঘুম পাড়িয়ে দেন। আগুন লাগার খবরে বস্তিতে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে তার বসত ঘর, সেই সঙ্গে ফাতেমাও।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফাতেমা যে ঘরে ছিল তার পাশের ঘর থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শুধু ফাতেমা পুড়ে ছাই হয়নি, তার মতো আরও কয়েকজন শিশুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
ফাতেমার বাবা আব্দুল জয়নাল রিকশাচালক। কাক ডাকা ভোরেই তিনি রিকশা নিয়ে বেরিয়ে গেছেন। তার বাড়ি শরীয়তপুর সদরে।
বারবার ফাতেমার কথা মনে করে মূর্ছা যাচ্ছিলেন আসমা। রঙিন ফ্রেমে বেঁধে রাখা বড় মেয়ে জয়নব ও ছোট মেয়ে ফাতেমার ছবি দেখিয়ে আহাজারি করতে থাকেন।
জেডআই





