লালবাগের কারাবন্দী বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুব (৪৫) ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ শারীরিক নির্যাতনের কারণেই মাহবুবের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। তিনি লালবাগ ২৩ নং ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

নিহতের মামাত ভাই মো. ফারুখ তানভীর জানান, চলিত বছরের ১৫ জানুয়ারি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিলো।

তিনি আরও জানান, মাহাবুব তিন সন্তানের জনক। তিনি ২১৫/২ লালবাগ রোডের একটি বাসায় থাকতেন।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, মাহাবুব কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তাকে সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় ঢামেকে আনা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লালবাগ থানাসহ পল্টন থানায়ও তার বিরুদ্ধে মামলা ছিলো। ময়না তদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

এমএইচ