ঢাকার ধানমন্ডিতে পুলিশের সাথে নার্সদের সংঘর্ষের ঘটনায় প্রায় ১৪শ জনকে আসামী করে মামলা হয়েছে।

গতকাল (বুধবার) রাতে ওই ঘটনার পর আজ পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ মামলা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া।

আন্দোলনরত নার্সদের একটি সংগঠন বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস জানিয়েছেন তাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আজ নার্সরা কর্মবিরতি এবং ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে অবস্থান কর্মসূচি পালন করছেন বলেও জানান তিনি।

সরকারি কর্ম কমিশন বা পিএসসির মাধ্যমে নিয়োগ বন্ধ করে ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত ২৮শে এপ্রিল থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে নার্সদের দুটি সংগঠন। আগামীকাল শুক্রবার পিএসসির মাধ্যমে নার্স নিয়োগের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যায় আন্দোলনকারী নার্সরা ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে গেলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়।

পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীরাও ইট পাটকেল ছোঁড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।

এসএম