অপসোনিন ফার্মায় অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বৃহস্পতিবার বেলা ১১টায় সংগঠনটি এ কর্মসূচির অয়োজন করে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগঠক ডা. মনিষা চক্রবর্তী সভাপতির বক্তব্যে বলেন, ২৯ মার্চ রাতে অপসোনিন ফার্মার কারখানায় আগুন লেগে শ্রমিক নেছার উদ্দিন পেদা নিহত হন। তার পরিবার এখন পথে বসার অবস্থায়। আহতদের চিকিৎসার দরকার।
এ সময় তিনি হতাহত শ্রমিকদের শুধু ক্ষতিপূরণই নয়, তাদের উপযুক্ত মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ার আহ্বান জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- অপসোনিনের শ্রমিক শহিদ হাওলাদার, মো. রুস্তুম আলী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মতিউর রহমান ও এইচ তুষার।
জেআই





