যশোর সদর উপজেলায় ট্রাকচাপায় ইমদাদুল্লাহ রুকু (২৭) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজার এলাকায় শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় রুকুর ভাই ওবায়দুল্লাহ (২৩) ও ভাগ্নে আবুল হাসনাত (১২) আহত হয়েছেন।

নিহত রুকু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিধাপাড়ার মহিবুল্লাহ রসুলের ছেলে।

আহতরা জানান, তারা ঝিনাইদহের কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে যশোরের দিকে আসছিলেন। ওই সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তারা তিনজনই আহত হন। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর রুকু মারা যান।

যশোর কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

কেএইচ