সিরাজগঞ্জের একডালা স্লুইসগেট এলাকায় সোমবার সকালে সংঘর্ষে ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার বিকালে একডালা স্লুইসগেট এলাকায় কিছু যুবক ওয়াপদা বাঁধ এলাকার নিচে জুয়া খেলার সময় বাকবিতণ্ডা হয়। এ সময় আরেক গ্রুপ গাঁজা সেবন নিয়ে ওই গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রুপে সংঘর্ষ পুলিশ এলে থেমে যায়। এ ঘটনার জের ধরে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় উভয়পক্ষ দেশী অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এতে ১০-১২টি ঘড়বাড়ি, ৫টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। খবর পেয়ে সদর থানার একাধিক পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে ১৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

কেএইচ