মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয়ভুষণ তালুকদারের বাসভবনের কাছে চারটি শক্তিশালী ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমির কাছে এ ঘটনা ঘটায় তারা। এ সময় শিল্পকলায় নাট্যোৎসব চলছিল।
ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার বিপ্লব বিজয়ভুষণ জানান, রাত ৯টার দিকে বিস্ফোরণের শব্দে শহরে এবং নাটক দেখতে আসা দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, মুন্সীগঞ্জ সদর সার্কেলের এএসপি এমদাদ হোসেন ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ফকির ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে- তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।
এমকে





