চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির টারবাইন জেনারেটরের টেন্ডার নিয়ে আওয়ামী লীগের ২ পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ১১টার দিকে সংসদ সদস্য আলি আজগর টগর ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে পুলিশসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার জের ধরে ভাঙচুর করা হয়েছে প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠান।

আহত পুলিশ সদস্য হলেন- পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর। অন্য আহতরা হলেন- সাইফুল ইসলাম হুকুম (৩৬), খালিদ হোসেন মিঠু (৩৪), আসলাম আলী তোতা (৪০), আজিজুর রহমান বুড়ো বাবু (৩৫), হেলাল উদ্দিন (৩০), পল্ট (২৯), বাবু (৪৫), আব্দুল হান্নান ছোট (৪০) ও রানা (২৫)।

আহতদের দর্শনার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলেও উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দর্শনা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, চুয়াডাঙ্গা দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির নষ্ট হয়ে যাওয়া প্রায় ৭০ লাখ টাকার ৭টি টারবাইন মেরামতের জন্য সম্প্রতি চিনিকল কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করে। টেন্ডারে কুষ্টিয়া রেইনউইক নামে একটি প্রতিষ্ঠান থেকে টারবাইন মেরামতের কথা থাকলেও দর্শনা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান প্রভাব খাটিয়ে স্থানীয় হোসেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ নামে একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেন।

এ নিয়ে চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবননগর) আসনের সংসদ সদস্য হাজী আলি আজগর টগর ও মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১১টার দিকে হোসেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপের শ্রমিকরা নষ্ট টারবাইন মেরামতের জন্য কেরুতে প্রবেশ করে। এতে বাধা দেয় সংসদ সদস্য হাজী আলি আজগর টগরের সমর্থকরা।

খবর পেয়ে মতিয়ার রহমানরে সমর্থকরা কেরুতে পৌঁছালে দু’পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে পুলিশের এক কনস্টেবল ও উভয় পক্ষের নয় নেতাকর্মী আহত হয়েছেন।

পরে খবর পেয়ে দামুড়হুদা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁচে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর সংসদ সদস্যের সমর্থকরা শহরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমান জানান, নতুন করে অপ্রীতিকর ঘটনারোধে শহরের কয়েকটি স্থানে পুলিশ মোয়াতেন করা হয়েছে।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ