চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাজ্জাদ হোসাইন (২২) কে আটক করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।
আজ (সোমবার) (০৪ ডিসেম্বর) দুপুরে নগরীর বিবিরহাট এলাকা থেকে সাজ্জাদকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) নিজাম উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাজ্জাদকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। মামলাও আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাজ্জাদ মহসিন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র বলে জানিয়েছেন পরিদর্শক নিজাম।
এছাড়া জিজ্ঞাসাবাদে সাজ্জাদ নিজেকে মহসিন কলেজের সায়েন্স ফ্যাকাল্টি ইউনিট শিবিরের সভাপতি দাবি করেছেন বলেও জানিয়েছেন পরিদর্শক নিজাম।
নগরীর ঐতিহ্যবাহী দুটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ তিন দশক ছাত্রশিবিরের দখলে থাকার পর ২০১৫ সালের ১৬ ডিসেম্বর এর নিয়ন্ত্রণ নেয় নগর ছাত্রলীগ।





