ক্লাসে শব্দ করে কথা বলায় ছাত্রের গোঁফ টেনে ছিড়ে ফেললেন শিক্ষক। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ক্লাস চলাকালীন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম আলী মুহতাসিম ঐশিক (১৭)। এ ঘটনায় ঐশিকের বাবা হাসমত আলী মহানগরীর রাজপাড়া থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে একাদশ শ্রেণীর প্রাণিবিদ্যার ক্লাস চলছিল। এসময় ক্লাসের শিক্ষক ছিলেন ওই বিভাগের সহকারী অধ্যাপক সাইদুর রহমান। ক্লাসে কয়েকজন শিক্ষার্থী শব্দ করে কথা বললে শিক্ষক ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এসময় আকস্মিকভাবে তিনি ক্লাসের ছাত্র ঐশিকের কাছে যান। এরপর তাকে দাঁড় করিয়ে চড়-থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে ঐশিকের গোঁফে টান দেন এবং ছিঁড়ে ফেলেন। এসময় ওই স্থান থেকে রক্ত রেরোতে থাকে। তাকে আহত অবস্থায় সহপাঠীরা ক্লাসের বাইরে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, এক মাস আগে শিক্ষক সাইদুর রহমান ক্লাস চলাকালীন ঐশিককে মেঝেতে ফেলে দিয়ে কিল-ঘুষি ও লাথি মারেন। একই কায়দায় মারধর করা হয় আরেক ছাত্র রাব্বীকে।

অভিযোগ রয়েছে, শিক্ষক সাইদুর রহমান অত্যন্ত বদমেজাজী। তিনি ছাত্রদের মারধর করার সময় একটি ছাত্র সংগঠনের পরিচয় দিয়ে নিজের ক্ষমতা এবং দাপট দেখান। ক্লাসে তিনি প্রায়শই বলেন, ছাত্রজীবনে তিনি একটি ছাত্র সংগঠনের ক্যাডার ছিলেন। এ কারণে কেউ তার কিছু করতে পারবে না।

আহত ছাত্র কৌশিক বলেন, এর আগেও আমাকে মেঝেতে ফেলে মারধর করেছেন স্যার। কিন্তু বাসার কাউকে জানাই নি। কিন্তু আজকের ঘটনাটি আমার একজন সহপাঠী বাবাকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়েছে।

অভিযোগের অস্বীকার করে সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, শারীরিক ও মানসিক নির্যাতনের কোনো ঘটনা ঘটে নি। আমার বিরুদ্ধে অযথা অভিযোগ আনা হচ্ছে হয়রানি করার জন্য।

এ ব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইআর