খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী।
সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সাবেক এই ফুটবলারকে দলের মনোনয়ন দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করে দলের মনোনয়ন বোর্ডের প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খুলনা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। সুজা গত ২৬ জুলাই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এরপর নির্বাচন কমিশন গত ১৪ আগস্ট এই নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর খুলনা-৪ (দিঘলিয়া, রূপসা ও তেরখাদা) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৬ আগস্ট। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২৮ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর। ৪ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে এবং ওইদিন থেকেই প্রার্থীরা প্রচারণায় অংশ নিতে পারবেন।





