এতিম ও পথ শিশুদের সুযোগ ও নিরাপত্তা দিতে ২০ এপ্রিলকে ‘বিশ্ব এতিম দিবস’ঘোষণার জন্য জাতিসংঘের কাছে দাবি জানিয়েছে ওয়ার্ল্ড ওরফান সেন্টার।
মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।
লিখিত বক্তব্যে ওয়ার্ল্ড ওরফান সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আমান উল্লাহ বলেন, ‘বিশ্বে এতিম এবং পথ শিশুদের ক্ষুধামুক্ত ও তাদের অধিকার বাস্তবায়নে ২০০৭ সালে ওয়ার্ল্ড ওরফান সেন্টার প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি এতিম এবং পথ শিশুদের অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে ২০১৪ ও ২০১৫ সালে নিয়মিতভাবে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এবং বিশ্বের একশতটিরও অধিক দেশে ২০ এপ্রিল ‘বিশ্ব এতিম দিবস’পালিত হয়েছে।’
তিনি বলেন, দিবসটি জাতিসংঘের মাধ্যমে ঘোষণা করা হলে প্রতিটি দেশের সরকার দিবসটি নিয়ে তৎপর হবে এবং এতিম ও পথ শিশুদের কল্যাণে আরো বেশি উদ্যোগী হবে। তাই আমরা ওয়ার্ল্ড ওরফান সেন্টার এতিম ও পথ শিশুদের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা দিতে জাতিসংঘের কাছে ২০ এপ্রিলকে ‘বিশ্ব এতিম দিবস’ঘোষণার দাবি জানাচ্ছি।
এ সময় আরো বক্তব্য রাখেন আবুল খায়ের স্টিল মিলের সিনিয়র ব্যান্ড অফিসার মোহাম্মদ হাবিব মাসুদ ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক মাহমুদুর রহমান খোকন প্রমুখ।
ওএফ





