শহরে একটি দোকানের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ৯টার দিকে শহরের ব্রাহ্মন্দী নতুন বাজারের কামাল মিয়ার মালিকানাধীন ভাঙ্গারি দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ব্রাহ্মন্দী বাজারের দোকানিরা পার্শ্ববর্তী ভাঙ্গারি দোকানটির ভেতরে চিৎকারের শব্দ এবং রহস্যজনকভাবে দোকানটির সাটার বন্ধ করে কয়েকজনকে দৌড়ে যেতে দেখেন। এসময় তাদের সন্দেহ হলে থানায় খবর দেয়া হয়।

খবর পেয়ে পুলিশ দোকানের তালা ভেঙে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক কামালকে আটক করেছে পুলিশ। তবে দোকান কর্মচারীরা পালিয়ে গেছে।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই