রাজধানী জুড়ে সড়ক অবরোধের পর এবার আন্দোলনের কেন্দ্রভূমি হয়ে উঠেছে শাহবাগ। ক্রমশই শিক্ষার্থীরা জমায়েত হচ্ছেন সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েট, ইব্রাহিম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সংহতি জানিয়ে দখলে নিয়েছে শাহবাগ।
এ পরিস্থিতিতে দুপুর একটার দিকে পরিবহন শ্রমিক নেতা ও নৌমন্ত্রী শাজাহান খানের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।
এর আগে দুপুর বারোটার দিকে শাহবাগে জমায়েত হতে থাকেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেয় আশপাশের বিশ্ববিদ্যালয় মেডিকেল শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সংহতি জানিয়ে অবস্থান নিতে দেখা যায়।
কর্মসূচিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হাসিব মোহাম্মদ আশিক বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। রাজনৈতিক দলদাস ও পরিবহন মাফিয়াদের কারণে বারবার হত্যাকাণ্ড ঘটলেও বিচার হচ্ছে না। ফলে একইকাণ্ড বারবার ঘটছে। এজন্য শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
জেড





