কুষ্টিয়ায় পিঁয়াজ লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার বেলা ১টার দিকে সদর উপজেলার বটতল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সাইফুল সদর থানার টাকিমারা ইউনিয়নের বরিয়া টাকিমারা গ্রামের ছানোয়ার মালিথার ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইফুল ও তার কাজের লোকজন টাকিমারা মাঠে পিঁয়াজ রোপন করছিলেন। এ সময় তার প্রতিপক্ষ নজরুল গ্রুপের লোকজন পিঁয়াজ লাগাতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হওয়ার এক পর্যায়ে উভয়পক্ষ ঢাল, সুরকি, দা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাইফুল ইসলামসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে সাইফুলসহ আরো দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এমএম





