চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় ট্রাকচাপায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওয়াহিদ ও শামীম। তারা উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র।

এদিকে ট্রাকচাপায় দু'ছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়েছে।

নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারি কমিশনার হাসান মোল্লা জানান, দু’জন ছাত্র সিটি গেইটের অদূরে কলেজের সামনে বাস থেকে নামার সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহত আরেকজনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক জাহাঙ্গীর আলম জানান, আহত অবস্থায় ওয়াহেদ ও শামীমকে হাসপাতালে নেয়া হয়। ওয়াহেদ আগেই মারা গেছে। শামীমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

এআর