প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ বছর দুদেশের মধ্যে সম্পর্কের যেই কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই।
তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ তথ্য জানান।
ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় দেশের সড়ক অবকাঠামো উন্নয়ন, বিআরটিসির জন্য বাস ও ট্রাক এবং সড়ক উন্নয়নে যন্ত্রপাতি সংগ্রহে অর্থায়নের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারত সরকারকে ধন্যবাদ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
দুই দেশের সরকার এবং জনগণের মাঝে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত উদার এবং ভবিষ্যৎমুখী বলে জানান ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলে যেকোনো সমস্যার সমাধান সহজতর হয়। সীমান্ত সমস্যা ও ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যার সমাধান তারই উদাহরণ।
সাক্ষাৎকালে দেশের সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্পসমূহ এগিয়ে নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য হাইকমিশনার মন্ত্রীকে ধন্যবাদ জানান।
এএস





