মালবাহী একটি পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী অন্তর (৭) নামে এক শিশু নিহত ও তার মামা অ্যাডভোকেট আলাউদ্দিন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের তিনতক্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মানিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় অ্যাডভোকেট আলাউদ্দিন তার ভাগিনা অন্তরকে নিয়ে মোটরসাইকেলে চৌমুহনী কলেজ সড়ক দিয়ে সোনাইমুড়ী বাজারের দিকে যাচ্ছিল।
পথে নাটেশ্বর ইউনিয়নের তিনতকক্তা এলাকায় একটি দ্রুতগতির মালবাহী পিকআপভ্যান তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে অ্যাডভোকেট আলাউদ্দিন ও অন্তর গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে অন্তরের মৃত্যু হয়। গুরুতর আহত আলাউদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উল ইসলাম দুর্ঘটনায় অন্তরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপভ্যানের চালকসহ গাড়িটি আটক করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





