রংপুরে বিএনপি ও জামায়াতের পাঁচ কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা সৃষ্টি ও অন্যান্য অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের কন্ট্রোল রুম ইনচার্জ আব্দুল মাজেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর কোতয়ালি থানা পুলিশ নাশকতার অভিযোগে বিএনপির তিন কর্মী আয়নাল (৩০), তুহিন (২৮) ও রাশেদকে (৩০) গ্রেফতার করেছে। অপরদিকে পীরগাছা থানার পুলিশ একই অভিযোগে জামায়াতের দুই কর্মী মোহাম্মদ আলী (৪৫) ও আশরাফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, একই সময় জেলা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩৮ অপরাধীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রি, জুয়াখেলা, ছিনতাই, ডাকাতি, চুরি, হত্যা, খুনসহ জিআর ও সিআর মামলা রয়েছে।
কেএইচ





