একদিকে যেমন সবাই ব্যস্ত প্রিয়জনকে নিয়ে বিভিন্নভাবে ভালবাসা দিব পালনে। তখন অন্যদিকে একটু ভিন্ন আঙ্গিকে বিশেষ এই দিবস উদযাপন করল সামাজিক সংগঠন ‘পথ’। তারা এই দিবসে প্রিয়জন হিসেবে বেছে নিয়েছে এমন কিছু মানুষকে যারা প্রতিনিয়ত সময় পার করে অযত্ন, অবহেলা আর অনাহারে। বলা যায় সমাজে থেকেও যারা অনেকটাই সমাজের আলো থেকে বঞ্চিত।
১৪ ফেব্রুয়ারী অর্থাৎ বিশ্ব ভালবাসা দিবসে ধানমন্ডির একটি বিনোদন কেন্দ্রে বিভিন্ন আয়োজনের মাধ্যমে এসব পথশিশুদের সাথে সময় পার করেছে সংগঠনটি। এসব আয়োজনে ছিল র্যালি, খেলাধুলা, স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সবাই একসাথে ভোজনের ব্যবস্থা।
যদিও এটাই তাদের প্রথম কার্যক্রম না। এর আগেও ইতিমধ্যে সংগঠনটি অনেক সামাজিক কার্যক্রম সম্পন্ন করেছে। যার মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিতদের জন্য নাইট স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা। যেখানে রয়েছে বয়স্কদের জন্য শিক্ষা কেন্দ্রও।
সমাজ সচেতনতায় ‘পথ’ কাজ করে যাচ্ছে পরিচ্ছন্নতা, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়াও যারা অর্থাভাবে পড়াশুনা করতে পারছেনা তাদের পাশেও প্রতিনিয়ত দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সমাজের জন্য কিছু করার মানসিকতা নিয়ে কাজ করা এই সংগঠনটি।
বন্যায় দূর্গতদের সাহায্যেও বিভিন্ন সময় এগিয়ে আসে এই সংগঠনটি। আর তাদের হেলথ ক্লাবের মাধ্যমেও প্রয়োজনুসারে ব্লাড ডোনেশন করা হয়। ২১ ফেব্রুয়ারী অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষ করেও শিক্ষামূলক কিছু আয়োজন করে ‘পথ’ ।
সরকারের কাছে তাদের প্রত্যাশা, যদি সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে তাদের কোন অনুদান দেয়া হয় তাহলে তাদের এই কার্যক্রম দিন দিন অরো অনেক গতি পাবে। আর সেই সাথে গণমাধ্যমের কাছেও তাদের চাওয়া, এসব অনুষ্ঠানগুলি যেন প্রচার করা হয় যাতে অন্যরা এসব সামাজিক কাজে উদ্বুদ্ধ হয়।
উল্লেখ্য, সমাজে নিজের দায়বদ্ধতার মানসিকতা নিয়ে ৮/১০ জন বন্ধু মিলে ২০১৬ সালের জানুয়ারীতে আত্নপ্রকাশ ঘটে ‘পথ’র। বর্তমানে সারাদেশে এর সদস্য সংখ্যা প্রায় ৮০০।
এমএনজে





