রংপুর বিভাগে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান মতি হত্যার প্রতিবাদে রংপুর বিভাগে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
উপজেলার রানীরবন্দরের দক্ষিণ নশরতপুর ফকিরপাড়া মাদ্রাসা মাঠে মঙ্গলবার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে নিহত শিবির নেতাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুর প্রতিবাদে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রংপুর বিভাগে টানা ৪৮ ঘণ্টা সর্বাত্মক হরতাল আহবান করে ইসলামী ছাত্রশিবির।
জানাজার আগের সমাবেশে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মতিউর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া ২০ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
পরে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রংপুর মহানগর সভাপতি আল আমীন হোসেন, দিনাজপুর শহর সভাপতি মতিউর রহমান, দিনাজপুর জেলা (উত্তর) সভাপতি ময়নুল ইসলাম, দিনাজপুর জেলা (দক্ষিণ) সভাপতি আব্দুল হালিম এক যুক্ত বিবৃতিতে শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি রাতে নশরতপুর ইউনিয়ন ইসলামী ছাত্রশিবির সভাপতি মতিউর রহমান মতির বড় ভাই পল্লী চিকিৎসক মো. খোদা বখসকে আটক করে ডিবি পুলিশ। ওই ঘটনা নিয়ে পুলিশ-জামায়াতের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাণীরবন্দর বাজার। এ সময় পুলিশ ব্যাপক গুলিবর্ষণ করে। গুলিতে আহত হন মতিউর রহমান। রাত ১০টায় পুলিশ তাকে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পুলিশি হেফাজতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেআই





