শেষ হলো ঈদের অগ্রিম টিকিট বিক্রি। সোমবার ঘড়ির কাঁটায় বিকেল ৫টা হওয়ার সঙ্গে সঙ্গেই টানা পাঁচদিনের অগ্রিম টিকিট বিক্রির সমাপ্তি ঘটে।

গত বৃহস্পতিবার শুরু হয়েছিল অগ্রিম টিকিট বিক্রি। সোমবার ১৭ জুলাইয়ের টিকিট বিক্রির মাধ্যমে তা শেষ হয়। এদিকে এদিনই ঢাকা ছেড়েছে ঈদ উপলক্ষে প্রথম দিনের ট্রেন। কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে প্রথমদিনে বেশি ভিড় লক্ষ্য করা যায়নি।

এদিন বিকেল ৩টায় কমলাপুর পরিদর্শনে আসেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। এ সময় তিনি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, সোমবার প্রথম দিনে ২৯টি ট্রেনের মধ্যে ২৮টিই সঠিক সময়ে ছেড়ে গেছে। শুধু সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির যান্ত্রিক ত্রুটির কারণে দেরিতে ছেড়েছে।

মন্ত্রী আরও বলেন, আমরা সফল। শান্তিপূর্ণভাবে টিকিট প্রত্যাশীরা টিকিট পেয়েছেন। আশা করছি সামনেও আমরা সফল হবো।

ঈদে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে সৈয়দপুর ও চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় রেকর্ডসংখ্যক যাত্রীবাহী ১৬৯টি কোচ মেরামত করা হয়েছে বলে তিনি জানান।

এ সময় রেল সচিব ফিরোজ আলম, রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ের অন্য কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

এএইচ