পল্লী কবি জসীমউদ্দীনের ১১৬তম জন্মদিন আজ। ১৯০৩ সালের আজকের এই দিনে ফরিদপুরের সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন। তার বাবা আনসার উদ্দিন মোল্লা ছিলেন স্কুলশিক্ষক। মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির পৈতৃক বাড়ির আঙিনায় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, স্থানীয় বিভাগের উপপরিচালক এরাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোব্বাশ্বর হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রফেসর রিজভী জামান প্রমুখ। সভা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
১৯০৩ সালে আজকের দিনে পল্লীকবি জসীমউদ্দীন ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে ঢাকায় মারা যান কবি। পৈতৃক বাড়ির আঙিনায় প্রিয় ডালিম গাছের তলে জসীমউদ্দীনকে কবর দেওয়া হয়।
এএস





