রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির এক ছাত্রীর বাবা মেয়ের ফলাফল জানতে গিয়ে শিক্ষকদের মারপিটে আহত হয়েছেন।
শনিবার রংপুরে সাংবাদিকদের এসব অভিযোগ করেন আহত অভিভাবক হামিদুল ইসলাম।
হামিদুল লিখিত অভিযোগে জানান, শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পরীক্ষা দেয় তার মেয়ে সামিয়া আক্তার সুমি। শনিবার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে শিক্ষকদের ভুলের কারণে তার মেয়ের ফলাফল ঘোষণা করা হয়নি।
বিষয়টি জানতে তিনি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহফুজা বেগম শান্তনার কাছে যান। এ সময় শিক্ষিকার সঙ্গে তার বাকবিতন্ডার একপর্যায়ে ওই শিক্ষিকা তার সঙ্গে খারাপ আচরণ করেন। এরই একপর্যায়ে শিক্ষক চিত্ত রঞ্জন বর্মন, মনোয়ার হোসেন বাদশাসহ বেশ কয়েকজন শিক্ষক মিলে মেয়ের সামনে তাকে মারপিট করে।
এলাকার লোকজন গিয়ে হামিদুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে শিক্ষিকা মাহফুজা বেগম শান্তনা মারপিটের অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে হামিদুল হক মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ম্যানেজিং কমিটির সদস্যদের লিখিতভাবে জানিয়েছেন।
এমএম





