বরিশালের গৌরনদী উপজেলার বেজোহার গ্রামে ছেলেকে হত্যার দায়ে রোববার মা পারভীন বেমগকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ওই গ্রামের ব্রুনাই প্রবাসী জালাল সিকদার তার ছেলে মনিরুল ইসলাম বাবুকে হত্যার দায়ে স্ত্রী ও তার কথিত প্রেমিক রাসেলসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

গৌরনদী থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল কালাম জানান, স্ত্রীর বিরুদ্ধে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর করা মামলায় পারভীন বেগমকে গ্রেফতার করা হয়েছে।

প্রবাসী জালাল সিকদার অভিযোগ করেন, তিনি প্রবাসে থাকার সুযোগে তার স্ত্রী পারভীন বেগম একই গ্রামের রাসেল নামে যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

তার দাবি গত ৩০ এপ্রিল রাতে তাদের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পারভীন ও রাসেল পরিকল্পিতভাবে তার কলেজপড়ুয়া ছেলে মনিরুল ইসলাম বাবুকে হত্যা করে।

বাবু বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনষ্টিটিউটের কম্পিউটার বিভাগের ছাত্র ছিলেন বলে জানান তার বাবা।

রাসেল পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে গৌরনদীতে কর্মরত আছেন বলে জানান জালাল সিকদার।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ