জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম নেছারউদ্দীন ভুঞা বলেছেন- যে দেশে সাংবাদিকদের স্বাধীনতা নেই সে দেশে গণতন্ত্র আশা করা যায় না। দেশে গণতন্ত্র সুসংহত রাখতে হলে সাংবাদিকদের আরও বেশি স্বাধীনতা দিতে হবে। সম্প্রতি যে নীতিমালা তৈরি করা হয়েছে তার ড্রাফটিং অত্যন্ত দুর্বল। এই নীতিমালায় সাংবাদিকদের স্বাধীনতা খর্ব হবে।

নরসিংদীতে ‘খবর লেখার কৌশল’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নরসিংদী সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।

জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ জামানের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক নজরুল ইসলাম, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক মাসুদ মনোয়ার ভুঞা, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের এসিস্টেন্ট প্রোগ্রামার আব্দুস সালাম, জেলা তথ্য কর্মকর্তা সানজীদা আমীন ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই