গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে তার এলাকা গাইবান্ধার সুন্দরগঞ্জ,  পলাশবাড়ী, ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

এমপি লিটন নিহত হওয়ার খবর প্রচারিত হওয়ার পর তার এলাকা গাইবান্ধার সুন্দরগঞ্জে আতঙ্ক বিরাজ করছে। পুরো এলাকার রাস্তা, বাজার, হোটেল-রেস্তোরাঁ জনশূন্য হয়ে পড়েছে।

লিটনের সমর্থকদের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে লাঠিসোটা, দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় মিছিল করতে দেখা গেছে। মানুষজন আতঙ্কে বাড়িতে অবস্থান করছে। কেউ বাড়ি থেকে বের হচ্ছে না।

ক্ষুব্ধ লোকজন সুন্দরগঞ্জের সোনারায় এলাকায় ডা. আব্দুল গাফফারের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

এছাড়াও উপজেলা সদরে অবস্থিত তার চেম্বার ও ওষুধের দোকানও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

ভাঙচুর করা হয়েছে সুন্দরগঞ্জ পৌরসভা, সোনালী ব্যাংক, কাঠালতলি মোড়, ছাইতালতলা বাজার, বামনডাঙ্গা হল মোড়, শিবতলা মোড়, লিটন মোড়সহ সুন্দরঞ্জের বিভিন্ন হাটবাজচারে দোকানপাট ও বাড়িঘর।

পলাশবাড়ী: গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে শনিবার রাত পৌনে ৯টায় পলাশবাড়ীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে সমাবেশ করে।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, স্বেচ্ছাসেবলীগ সভাপতি ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, ছাত্রলীগ যুগ্ম আহবায়ক মোস্তাকিম সরকার বাবলা, ও জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত। বক্তারা অবিলম্বে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকারী গ্রেফতারের দাবী জানান।

ফুলছড়ি: সংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার প্রতিবাদে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজের নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা উপজেলার একাডেমী বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

এসময় তারা গাইবান্ধা-বালাসী সড়কে অবস্থান নিয়ে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, সিনিয়র সহ-সভাপতি নয়া মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সুজা, এসএম জাভেদ, জাহাঙ্গীর আলম সহ অনেকে।

উল্লেখ্য, সন্ধ্যা পৌনে ৬টায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হবার পর রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি গুলিবিদ্ধ ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমবি