পেট্রোল বোমা হামলার নির্দেশদানকারী হিসেবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিচারে ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, পেট্রোল বোমা হামলার নির্দেশদানকারী খালেদা জিয়া ও তার সহযোগীসহ সব অপরাধীর নামে দায়ের করা মামলাগুলো বিচার করার জন্য সন্ত্রাস বিরোধী আইন- ২০০৯ এর ২৭ ধারা অনুযায়ী সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। ভবিষ্যতে উক্ত আইনের ২৭ ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা সরকারের রয়েছে।

বুধবার (০৮ জুলাই) সকালে জাতীয় সংসদে সেলিনা বেগমের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্ন ৪৭ এর জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এছাড়া তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামালার প্রতিটি ঘটনায় মামলা করা হয়েছে। এ সব মামলার তদন্ত সুষ্ঠু ও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তা যথাযথ প্রতিপালনের বিষয়টি মনিটর করা হচ্ছে। এ সব মামলার মধ্যে গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।

ইআর