স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ফেসবুক আইডি হ্যাক হওয়ার জেরে ভোলার বোরহানউদ্দিনে ঘটে যাওয়া সহিংসতার ঘটনার তদন্ত চলছে। জড়িত হ্যাকার হোক আর যেই হোক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
আজ রোববার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো কে কে এ ঘটনার পেছনে জড়িত, একে একে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে এ অপচেষ্টা চালানো হচ্ছে। তবে কেউ আমাদের পথ রোধ করতে পারবে না। বোরহানউদ্দিনের ঘটনায় ফেসবুক হ্যাকের বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এএইচ





