বনানীর এফআর টাওয়ারের দুর্নীতি তদন্তে তথ্য চেয়ে রাজউক, ফায়ার সার্ভিস, ওয়াসা’সহ বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (০৪ এপ্রিল) বুধবার দুদকের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকের স্বাক্ষর করা চিঠিতে নানা তথ্য জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছে।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, এফআর টাওয়ারকে ঘিরে দুর্নীতির যেসব অভিযোগ আছে সেসব তদন্তের জন্যই বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে।
এদিকে, আজ (বুধবার) নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বনানীর এফআর টাওয়ার সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরা হলেন-টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুক হোসেন, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, কাশেম ড্রাইসেল ব্যাটারি ও টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাসভীর উল ইসলাম এবং রাজউকের ইমারত শাখার সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
এদিন কমিশনের নির্ধারিত বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক আবু বকর সিদ্দিককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।
অভিযোগ রয়েছে, ঘুষ দিয়ে রাজউক কর্মকর্তাদের সহযোগিতায় ১৮ তলার অনুমোদন নিয়ে এফআর টাওয়ার ২৩ তলা পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া, এফআর টাওয়ার ভবন এবং জমির মালিকদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এসেছে দুদকের হাতে।
অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হলে ভবনমালিককে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। ততক্ষণে ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনায় আহত ৭৩ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ভবনটির ৯তলা থেকে।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবীর ভূমিকা রাখছেন। আশপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় দমকর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে অসংখ্য সাধারণ মানুষকে।
এমবি





