লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমির হোসেন(২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বর্তমানে ওই স্কুল ছাত্রী লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছে। 

রোববার সকালে উপজেলা চলবলা ইউনিয়নের হারিশ্বহর এলাকা থেকে আমির হোসেন গ্রেফতার করা হয়।

আমির হোসেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চলবলা ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। 

জানাগেছে, গত শনিবার বিকেলে বাড়িতে একা রেখে বাবা-মা দিনমজুরের কাজ করতে পাশের একটি গ্রামে যায়। ওই সময় স্কুল ছাত্রীকে বড়িতে একা দেখতে পেয়ে আমির হোসেন তার মুখ চেপে ধরে ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় স্কুল ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে ধর্ষক আমির হোসেন পালিয়ে যায়।

পরে স্থানীয়ররা মেয়েটিকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে কালীগঞ্জ থানায় ধর্ষক আমির হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে আসামী আমির হোসেনকে তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষক আমির হোসেনকে গ্রেফতার করে রোববার বিকেলে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নুরনবী সরকার/এসএম