নারায়ণগঞ্জে আড়াইহাজারে একটি বিয়ে বাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। শুক্রবার রাতে গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শুক্রবার বিকেলে আড়াইহাজারে একটি বিয়ে বাড়িতে হামলা চালিয়ে কনেকে অপহরণের সময় হামলাকারীদের সঙ্গে বর ও কনেপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় গোপালদী পৌর মেয়রের গাড়িসহ বরপক্ষের পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে।
গোপালদী পৌর মেয়র এম এ হালিম সিকদার জানান, শুক্রবার বিকেলে উপজেলার বিশনন্দী মধ্যপাড়া এলাকার রিপন মিয়ার মেয়ে সনিয়ার সঙ্গে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার আলী মিয়ার ছেলে দুলালের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় ১৫-২০ যুবক বিয়েবাড়িতে হামলা চালিয়ে কনেকে অপহরণের চেষ্টা করে। কনেপক্ষ বাধা দেয়ায় তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
বিশনন্দী ইউনিয়ন যুবলীগ নেতা আরজু দাবি করেন, তার ভাই করিমের ছেলে রুহুল আমিন রনির সঙ্গে সনিয়ার বিয়ের কথা হয়। একপর্যায়ে তাদের বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়। কিন্তু কনেপক্ষ তাদের না জানিয়ে রামচন্দ্রদী এলাকার দুলালের সঙ্গে বিয়ের আয়োজন করে। এ নিয়ে তাদের জিজ্ঞাসা করতে গেলে সংঘর্ষ বেঁধে যায়।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএনজে





