করোনাভাইরাসের কারণে কিশোরগঞ্জে সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান তথা মার্কেট ১৩ মে থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১২ মে) কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বেলালের সই করা এক জরুরি ঘোষণা প্রচার করা হয়েছে।

এর আগে সোমবার (১১ মে) জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কিশোরগঞ্জ পৌর কর্তৃপক্ষ, চেম্বার অব কর্মাস ও কিশোরগঞ্জের সব ব্যবসায়ী সংগঠনের নেতাদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান তথা মার্কেট ১৩ মে থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জরুরি ঘোষণায় বলা হয়েছে, এতদ্বারা কিশোরগঞ্জ জেলার সব ব্যবসায়ীগণ ও জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১১ মে ২০২০ তারিখে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কিশোরগঞ্জ পৌর কর্তৃপক্ষ, চেম্বার অব কর্মাস ও কিশোরগঞ্জের সব ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য এবং শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য আগের লকডাউন অনুযায়ী কিশোরগঞ্জ শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান আগামী ১৩ মে থেকে ৩০ মে ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে।

যারা এ সিদ্ধান্ত অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলা রাখবে প্রশাসন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়। এ সিদ্ধান্তের ফলে পবিত্র ঈদুল ফিতরের আগে কিশোরগঞ্জের সব ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট আর খুলছে না।

এমবি