সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যান শ্রমিক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
আজ (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডের সিরাজ ভূইয়া রাস্তা মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো: রাকিবুল ইসলাম। তার বয়স ১৯ বছর। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিমুলপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে।
দুর্ঘটনায় আহত অন্য দুইজন হলেন- মো: হৃদয় (১৯) ও মো: সামাদ (২০)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান মিনি পিকআপকে পিছন থেকে ধাক্কা দিলে রাকিব নামে এক শ্রমিক গুরুতর আহত হয়। পরে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজনকে ২৮ নম্বর নিউরোসার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এমবি





